সরকারি সদস্যদের অসহযোগিতায় অর্থ মন্ত্রণালয় কমিটি ‘অলংকারিক’, অভিযোগ হাসনাতের
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে ‘অলংকারিক কমিটি’ হিসেবে ব্যবহার করার অভিযোগ এনেছেন কমিটির সদস্য হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা বলেছেন, সরকারদলীয় কয়েকজন সদস্যের অনাগ্রহ ও অসহযোগিতার কারণে গুরুত্বপূর্ণ এই কমিটিটি যথাযথ কাজ করতে পারছে না। রোববার (২৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই অসন্তোষের কথা জানান।
কমিটির সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার এবং ট্যাক্স-জিডিপি অনুপাতের মতো চারটি জরুরি এজেন্ডা নিয়ে আলোচনা হয়। হাসনাত আবদুল্লাহ জানান, অর্থমন্ত্রী ও এনবিআর কর্মকর্তারা এসব বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও সরকারি সদস্যদের অসহযোগিতার কারণে কোনো বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তিনি অভিযোগ করেন, সভাপতি হওয়া সত্ত্বেও চিফ হুইপ বৈঠকে অযাচিত হস্তক্ষেপ করেছেন, যা কমিটির কাজে বাধা সৃষ্টি করছে।
এনসিপির এই মুখপাত্র আরও জানান, কমিটির প্রথম বৈঠকেও সরকারদলীয় সদস্যরা প্রস্তুত না থাকার কথা জানিয়েছিলেন। দ্বিতীয় বৈঠকেও সেই একই চিত্র দেখা গেছে। এছাড়া ব্যবসায়ীদের হয়রানি রোধে বন্দর, ব্যাংক ও এনবিআরের মধ্যে একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজ তৈরির প্রস্তাব উত্থাপন করা হলেও সদস্যদের অনাগ্রহের কারণে তা এগিয়ে নেওয়া যায়নি।

