গুম-নির্যাতনে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

প্রাইম বার্তা অনলাইন
২৩ আগস্ট ২০২৬ ৭:৩০ পিএম
গুম-নির্যাতনে ক্ষতিগ্রস্তদের সুরক্ষায় নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুম, খুন, নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের কল্যাণে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় একটি নতুন অধিদপ্তর গঠন করা হচ্ছে। এই অধিদপ্তরের মাধ্যমে ভুক্তভোগীদের সুচিকিৎসা, আইনি সহায়তা এবং সামগ্রিক পুনর্বাসন নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আয়ম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং সচিব মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে মন্ত্রী আহমেদ আয়ম খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতিস্বরূপ ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়েছে। একইভাবে, যারা দীর্ঘদিন গণতন্ত্রের সংগ্রামে অংশ নিয়ে গুম, খুন বা পঙ্গুত্ববরণ করেছেন এবং হাজার হাজার মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন, রাষ্ট্র তাদের এই ত্যাগেরও আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চায়। তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট শক্তি যাতে সাধারণ মানুষের ওপর এমন বর্বরতা চালাতে না পারে, সেজন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিল মানুষের ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করা। কিন্তু ২০০৯ সালের পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, খুন ও ভোট ডাকাতির মাধ্যমে মুক্তিযুদ্ধের সেই আদর্শ ধ্বংস করা হয়েছে। এই আদর্শের জন্য যারা জীবন দিয়েছেন বা সর্বস্বান্ত হয়েছেন, তাদের সেবা ও সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...