রংপুরে সপরিবারে শিক্ষক হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুজনের
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। রোববার (২৩ আগস্ট) সংগঠনের চেয়ারম্যান বিচারপতি এম এ মতিন ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার এক যৌথ বিবৃতিতে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের বাসভবন থেকে গতকাল শিক্ষক দম্পতি গণপতি চক্রবর্তী ও প্রীতিলতা চক্রবর্তী এবং তাদের সন্তান আগামী ও আয়ুষ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনার প্রতিবাদে সুজন নেতারা বলেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের ছয় মাস পার হলেও গণঅভ্যুত্থান-পরবর্তী আইনশৃঙ্খলার অবনতি ঘুচেনি। হত্যা, ধর্ষণ ও নিপীড়নের মতো অপরাধ বন্ধ হচ্ছে না যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মূল দায়িত্ব উল্লেখ করে সুজন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের প্রতি এই হত্যাকাণ্ডের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি করেন।

