উত্তরা মেট্রো স্টেশনে পার্কিং ব্যবস্থায় শৃঙ্খলা, অসন্তোষ ফি নিয়ে
উত্তরা উত্তর মেট্রো স্টেশনের গ্রাউন্ড লেভেলে নির্ধারিত পার্কিং ব্যবস্থা চালু হওয়ার পর থেকে যানবাহন রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য শৃঙ্খলা ফিরে এসেছে। এতে যত্রতত্র গাড়ি ও রিকশা দাঁড় করানোর প্রবণতা অনেকাংশেই কমে গেছে। তবে পার্কিং ফি আদায় নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, বিশেষ করে অল্প সময়ের জন্য পূর্ণ ফি পরিশোধ করতে হওয়ায় অনেকে ক্ষুব্ধ হয়েছেন।
গত শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, স্টেশনের দুই পাশে নির্ধারিত স্থানে দাগ কেটে গাড়ি ও মোটরসাইকেল পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ইজারাদার প্রতিষ্ঠান মাস্টার এন্টারপ্রাইজের কর্মীরা দুই ঘণ্টা পর্যন্ত গাড়ি রাখার বিনিময়ে নির্দিষ্ট ফি আদায় করছেন। তবে সিঁড়ির নিচের অংশ ও ফুটপাতে এখনও কিছু মোটরসাইকেল ও সাইকেল অনিয়মিতভাবে পার্ক করতে দেখা গেছে।
কারওয়ান বাজার থেকে মালিককে আনতে আসা গাড়ির চালক মোস্তাফিজ জানান, আগে এখানে টাকা দিতে হতো না, এখন ৬০ টাকা ফি দিয়ে তাকে অপেক্ষা করতে হচ্ছে। তিনি মনে করেন, এতে গাড়ির চাপ কমেছে এবং বিশৃঙ্খলা রোধ হয়েছে। অন্যদিকে, যাত্রী নিতে আসা উবার চালক শামীম বলেন, ফি নেওয়ার কারণে এখানে শৃঙ্খলা এসেছে এবং যত্রতত্র গাড়ি রাখা বন্ধ হওয়ায় মেট্রো ব্যবহারকারীরা সুবিধা পাচ্ছেন।

