তেজগাঁও থানায় হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, মানুষের সেবা নিশ্চিতে জোর
শনিবার (২২ আগস্ট) বিকেলে আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি থানার আইনশৃঙ্খলা, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের সেবা পাওয়ার মান খতিয়ে দেখেন।
থানার বিভিন্ন ফ্লোরে থাকা পুলিশ কর্মকর্তাদের অফিস, ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা, ব্যারাক ও মেস ঘুরে দেখেন মন্ত্রী। পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাদ্যের মান ও পরিচ্ছন্নতা নিশ্চিতে তিনি নির্দেশনা দেন। একই সঙ্গে নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি ও কাজের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
এ সময় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের অভিযোগ শোনার পর দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সমাধানের জন্য থানার ওসিসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। মন্ত্রী বলেন, পুলিশের মূল কাজ জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে মানুষের আস্থার জায়গা করতে হবে, যেন কেউ নির্ভয়ে সরাসরি তাদের সমস্যা জানাতে পারে।
পরিদর্শনকালে তার সঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, আমরা থানায় এমন পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে নিজেদের সমস্যার কথা বলতে পারবেন।

