মন্ত্রিসভায় ৬ নতুন সদস্য: কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন?

প্রাইম বার্তা অনলাইন
২১ আগস্ট ২০২৬ ১০:৪১ পিএম
মন্ত্রিসভায় ৬ নতুন সদস্য: কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন?

মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চারজন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান। এই ছয় সদস্যের মন্ত্রণালয় বণ্টন নিয়ে চূড়ান্ত প্রক্রিয়া চলছে এবং শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এবং বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ও গাইবান্ধা-৪ আসনের সাংসদ মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

দায়িত্ব বণ্টন সম্পর্কে সূত্র মতে, আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পেতে যাচ্ছেন এম রশিদুজ্জামান মিল্লাত, যার ফলে বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পেতে যাচ্ছেন আন্দালিব রহমান পার্থ, যে কারণে বর্তমান দায়িত্বে থাকা জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হতে পারেন।

প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার মোট সদস্য এখন ৫৩ জন। এর মধ্যে মন্ত্রী রয়েছেন ২৮ জন এবং প্রতিমন্ত্রী ২৫ জন। নতুনদের বর্তমান মন্ত্রীদের সঙ্গে সামঞ্জস্য রেখে দপ্তর বণ্টন করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...