আদি বুড়িগঙ্গা চ্যানেলের স্বাভাবিক প্রবাহ ফেরাতে শুরু হলো পরিচ্ছন্নতা অভিযান

প্রাইম বার্তা অনলাইন
২১ আগস্ট ২০২৬ ৩:৫২ পিএম
আদি বুড়িগঙ্গা চ্যানেলের স্বাভাবিক প্রবাহ ফেরাতে শুরু হলো পরিচ্ছন্নতা অভিযান

রাজধানীর ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী আদি বুড়িগঙ্গা চ্যানেল রক্ষায় বড় ধরণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। দীর্ঘদিন ধরে দখল ও আবর্জনার কারণে নাব্যতা হারিয়ে ময়লার ভাগাড়ে পরিণত হওয়া এই চ্যানেলটির প্রাণ ফেরাতে শুক্রবার (২১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছে। সেকশন ব্রিজ সংলগ্ন দূরাণী খাল এলাকায় এই পরিচ্ছন্নতা ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। ঢাকা জেলা প্রশাসনের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এই মহাপরিচ্ছন্নতা অভিযানের যাত্রা শুরু করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম। একত্রিত হওয়া জনপ্রতিনিধি ও কর্মকর্তারা এই খাল দখল ও দূষণমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

প্রায় ৩.২ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেলটি ১৯৯০ সালে বন্যা প্রতিরোধ বেড়িবাঁধ নির্মাণের পর থেকেই স্বাভাবিক পানিপ্রবাহ হারাতে থাকে। পরবর্তীতে অবৈধ দখল ও বর্জ্য জমে এটি মশার উপদ্রপ ও দুর্গন্ধের উৎস হয়ে ওঠে। তবে ২০২২-২৩ অর্থবছরে চ্যানেলটির বিপদগামী অংশগুলো দখলমুক্ত করা হয়। এবার নতুন এই উদ্যোগের মাধ্যমে বর্জ্য অপসারণ, নাব্যতা ফিরিয়ে আনা এবং দুই পাড়ে ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে চ্যানেলটিকে আবার জীবন্ত করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...