মোহাম্মদপুরে হানা দিয়ে র‍্যাবের হাতে গ্রেফতার চুয়া সেলিম ও বোমা রতন

প্রাইম বার্তা অনলাইন
২১ আগস্ট ২০২৬ ১২:৪৭ পিএম
মোহাম্মদপুরে হানা দিয়ে র‍্যাবের হাতে গ্রেফতার চুয়া সেলিম ও বোমা রতন

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জেনেভা ক্যাম্পের আলোচিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী চুয়া সেলিম, কিশোর গ্যাং লিডার জয় এবং আরেক সন্ত্রাসী বোমা রতন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় র‍্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পে অভিয়ান চালিয়ে চুয়া সেলিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ বোর বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। নয়মুল হাসান জানান, হত্যা ও মাদকের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমের বিরুদ্ধে মোট ৩৬টি মামলা রয়েছে। এর আগে গত বছরের ৮ জানুয়ারি তাকে ধানমন্ডি থেকে গ্রেফতার করেছিল র‍্যাব।

একই অভিযানে চাঁদ উদ্যান এলাকা থেকে মাহী গ্রুপের দ্বিতীয় শীর্ষ নেতা জয়কে গ্রেফতার করা হয়। ছিনতাই, চাঁদাবাজি ও মারামারির ১০টি মামলার আসামি জয় দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও নবীনগর এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। অন্যদিকে, বিজলী মহল্লা থেকে গ্রেফতার করা হয় তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রতন ওরফে বোমা রতনকে। ডাকাতি, ছিনতাই ও অস্ত্র মামলার ২০টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতারকৃত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে র‍্যাব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...