হলে নির্যাতন ও হামলার প্রতিবাদে ডাকসুর মানববন্ধন
ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জড়িত প্রভোস্টের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)। একইসাথে হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা।
কর্মসূচিতে ডাকসুর সহসভাপতি সাদিক কায়েম, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ বিভিন্ন হল সংসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা নির্যাতনকারী প্রভোস্টের অপসারণ চেয়ে স্লোগান দেন। তাদের স্লোগানে ছিল, ‘নিপীড়ক প্রভোস্ট গদি ছাড়’ এবং ‘নিপীড়কের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’।
ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজ দেখার জন্য হল প্রশাসন ইচ্ছাকৃতভাবে দীর্ঘ সময় কালক্ষেপণ করেছে। এটি শিক্ষার্থী ইব্রাহিমকে নির্যাতন ও তার অসুস্থ মায়ের সাথে ফোনে কথা বলিয়ে মানসিক চাপ দেওয়ার অভিযোগের সত্যতা প্রমাণ করে। তিনি বলেন, এই নির্যাতন অব্যাহত থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়েও বুয়েটের আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে বেশি দেরি হবে না। তিনি উপাচার্যের উদ্দেশ্যে বলেন, অভিযুক্ত প্রভোস্ট মামুনকে পদচ্যুত করে বিচার নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চলবে।

