চট্টগ্রামে স্কুলে স্কুলে চুরির ছোবল, নিরাপত্তাহীনতায় এলাকাবাসী
চট্টগ্রামের পটিয়া উপজেলায় স্কুলে স্কুলে অবাধে তছনছ করে মালামাল লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। গত এক সপ্তাহে অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো সুরাহা মেলেনি। স্থানীয়দের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে আতঙ্ক ও উদ্বেগ।
সবশেষ সোমবার (১৭ আগস্ট) ভোরে উপজেলার কচুয়াই ইউনিয়নের সীতাবিধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। রোববার (১৬ আগস্ট) বিকেলে স্কুল ছুটির পর শিক্ষকরা চলে গেলে, রাতের কোনো এক সময় চোরের দল অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সকালে দপ্তরি স্কুলে এসে দরজা খোলা দেখতে পেয়ে প্রধান শিক্ষককে খবর দেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লাকী রানী দাশ জানান, চোরেরা আলমারি ভেঙে প্রায় ২ হাজার টাকা নগদ অর্থ, একটি প্রিন্টার, রাউটার ও পিতলের ঘণ্টা নিয়ে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
একই ইউনিয়নের আজিমপুর এলাকায় গত ১১ ও ১৩ আগস্ট তিনটি স্কুলে একই পদ্ধতিতে চুরি হয়। এছাড়া কুসুমপুরা, কোলাগাঁও ও হাবিলাসদ্বীপ এলাকার বিদ্যালয়গুলোও এই অপরাধীদের টার্গেটে পরিণত হয়েছে। এসব ঘটনায় প্রশাসনের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক দাবি করেছেন, মাদক নির্মূলে অভিয়ান চলছে এবং প্রতিদিন আসামি গ্রেফতার করা হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে সাজা বাড়ানোর জন্য ইউএনও-কে অনুরোধ করা হয়েছে।

