নারী কর্মসংস্থানে ডিসির অনন্য উদ্যোগ, সেলাই মেশিন পেলেন ২০ জন
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বিশেষ উদ্যোগে স্বপ্ন পূরণ হলো ২০ জন প্রশিক্ষণার্থী নারীর। প্রশিক্ষণ শেষে কর্মসংস্থানের অনিশ্চয়তায় ভোগা এই নারীরা এখন নিজস্ব সেলাই মেশিন পাওয়ার নিশ্চয়তা পেয়েছেন। গতকাল সোমবার (১৭ আগস্ট) সকালে নগরের মহিলাবিষয়ক অধিদপ্তরের কার্যালয়ে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় এক অনুষ্ঠানে এই ঘোষণা আসে।
জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে জানতে পারেন, আধুনিক দর্জিবিজ্ঞান ও এমব্রয়ডারি ট্রেডের প্রশিক্ষণ নিলেও মেশিনের অভাবে কাজে ঝোঁকতে পারছেন না তারা। তাৎক্ষণিকভাবে তিনি স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের কাছ থেকে ৫টি মেশিন দেওয়ার প্রতিশ্রুতি আদায় করেন। এরপর অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় আরও ১৫টি মেশিন যোগানের ব্যবস্থা করেন তিনি। ফলে মোট ২০টি সেলাই মেশিন পাওয়ার সুখবরে খুশি হয়েছেন মুরাদপুরের প্রশিক্ষণার্থী নাছরিন ফারজানা ও তার সহপাঠীরা।
প্রশিক্ষণ শেষে বিনামূল্যে মেশিন পাওয়ার কথা ভাবেননি বলে জানান তিন সন্তানের জননী নাছরিন ফারজানা। তিনি বলেন, প্রবাসফেরত স্বামী বর্তমানে বেকার থাকায় সংসারে চরম আর্থিক সংকট বিরাজ করছিল। ডিসি স্যার নিজ উদ্যোগে মেশিনের ব্যবস্থা করায় এখন ঘরে বসে সেলাইয়ের কাজ করে সংসারের হাল ধরতে পারবেন তিনি। এই উদ্যোগ এলাকার আরও অনেক নারীর জন্যই আর্থিক স্বাধীনতার দুয়ার খুলে দিল।

