মন্ত্রিসভার ১০৮ সিদ্ধান্তের ৮০টি বাস্তবায়িত, সাফল্যের হার ৭৪ শতাংশ
বর্তমান সরকারের মেয়াদ শুরুর পর থেকে গত ৩১ জুলাই পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে গৃহীত ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি বাস্তবায়িত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। এতে দেখা যায়, মোট সিদ্ধান্তের ৭৪ শতাংশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে এবং বাকি ২৮টি বা ২৬ শতাংশ বাস্তবায়নাধীন রয়েছে।
২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের (মে-জুলাই) এই প্রতিবেদনে বলা হয়, এই সময়ে ১৭টি মন্ত্রিসভা বৈঠকে ৮৪টি সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে। সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ৪৩টি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এই সময়ে সাতটি নীতি ও কর্মপরিকল্পনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আন্তর্জাতিক পরিসরে তিনটি চুক্তি ও প্রটোকলের মধ্যে একটি ইতিমধ্যেই স্বাক্ষরিত হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো বাস্তবায়নে মন্ত্রিসভা সক্রিয় ও আন্তরিক ভূমিকা পালন করছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে।

