চট্টগ্রামে ঐতিহ্যবাহী জশনে জুলুস আগামী ২৬ আগস্ট, নেতৃত্বে আল্লামা সাবির শাহ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুস এবার ৫৫তম আয়োজনের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করবে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। আগামী ২৬ আগস্ট বুধবার সকালে বর্ণাঢ্য এই শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করবে, যাতে নেতৃত্ব দেবেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম. জি. আ.)।
সোমবার চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, আগামী ২৩ আগস্ট ঢাকায় এবং ২৬ আগস্ট চট্টগ্রামে বৃহত্তম আয়োজনে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। এই জুলুসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাহেবজাদা হজরত সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম. জি. আ.) ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আকিব শাহ (ম. জি. আ.)।
সংবাদ সম্মেলনে আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মনজুর আলম বলেন, বিশ্বের বৃহত্তম মিলাদ শোভাযাত্রা হিসেবে এই জুলুস এখন চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এর শরিয়ত সম্মত ঐতিহ্য রক্ষা করা আমাদের দায়িত্ব। তিনি জুলুসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
২৬ আগস্ট সকাল ৮টায় ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুস শুরু হবে। নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ শেষে জামেয়া মাঠে এসে শেষ হবে। সেখানে মাহফিল, জোহর নামাজ ও দেশ জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের সুবিধার্থে এলাকায় শতাধিক অস্থায়ী শৌচাগার তৈরি করা হয়েছে এবং শহরের বিভিন্ন স্থানে তোরণ, ব্যানার ও ফেস্টুন দিয়ে সজ্জিত করা হয়েছে।

