৫৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে রিক্রুটিং এজেন্সি চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ
মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর আড়ালে প্রায় ৫৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘দি জিএমজি অ্যাসোসিয়েটস’-এর চেয়ারম্যান গোলাম মাওলাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে তাকে এবং তার প্রতিষ্ঠানের আরেক সদস্যকে জেরা করা হয়।
মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট করে অতিরিক্ত অর্থ আদায় ও আত্মসাতের অভিযোগে প্রায় ১০০টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। এর আগে অবৈধভাবে প্রায় ৮ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে ২৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার তদন্তের অংশ হিসেবেই সংশ্লিষ্ট এজেন্সির কর্মকর্তাদের একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, চলমান তদন্তের ধারাবাহিকতায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে ‘দি জিএমজি অ্যাসোসিয়েটস’-এর চেয়ারম্যান গোলাম মাওলা দাবি করেছেন, মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে দায়ের করা দুদকের মামলার কোনো ভিত্তি নেই। দুদক সূত্রে জানা গেছে, শ্রমিকদের কষ্টার্জিত অর্থ লুটপাটের এই চক্রটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তদন্ত আরও জোরদার করা হবে।

