গৃহিণীদের জন্য এলপিজি কার্ড আসছে, জ্বালানিতে সরকারের নতুন যাত্রা
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও গৃহস্থালীর স্বাচ্ছন্দ্যে জন্য শীঘ্রই চালু হচ্ছে ‘গৃহিণী এলপিজি কার্ড’। সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে এই তথ্য জানানো হয়েছে। এর মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোকে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার প্রদানের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আমদানিনির্ভরতা কমাতে সরকার এখন দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় পদক্ষেপ নিয়েছে। পেট্রোবাংলার লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ৫০টি এবং ২০২৬-২৮ মেয়াদে আরও ১০০টি কূপ খনন ও সংস্কার করা হবে। বর্তমানে ৫০টি কূপে কাজ চলমান রয়েছে, যার মধ্যে ৩১টি পুরনো কূপ সংস্কারে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে গ্যাস অনুসন্ধানে আগ্রহী বিদেশি কোম্পানি খুঁজে পেতে সংশোধিত উৎপাদন অংশীদারত্ব চুক্তির আওতায় নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে সরকার জানিয়েছে, তারা জনগণের জানার অধিকারে বিশ্বাসী এবং তাই গত ১৮০ দিনের সাফল্য ও সীমাবদ্ধতার সৎ চিত্র তুলে ধরা হয়েছে। অর্থনীতির স্থিতিশীলতা, কৃষি ও সামাজিক সুরক্ষায় সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পুনর্গঠন ও গুণগত পরিবর্তনের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে ই-বুকে উল্লেখ করা হয়।

