শাহ আমানত বিমানবন্দরকে লজিস্টিক হাবে পরিণত করতে চেম্বারের দাবি
চট্টগ্রামকে পূর্ণাঙ্গ আঞ্চলিক লজিস্টিক হাবে রূপান্তরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সম্ভাবনা কাজে লাগাতে অবিলম্বে কার্গো ভিলেজ স্থাপন ও প্রণোদনামূলক ট্যারিফ চালুর দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। গত শনিবার (১৫ আগস্ট) চেম্বার সভাপতি আমিরুল হক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে এ সংক্রান্ত একটি চিঠি প্রেরণ করেন।
চিঠিতে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনের সরকারি লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, সমুদ্র বন্দর, পাইকারি বাজার এবং শিল্পাঞ্চল থাকার পরেও বিমানবন্দরটির পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো হচ্ছে না। ঢাকার ওপর অতিরিক্ত চাপ কমিয়ে চট্টগ্রামকে ইস্ট-ওয়েস্ট এভিয়েশন গেটওয়ে হিসেবে গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া পতেঙ্গার পতিত জমিতে বেসরকারি বিনিয়োগে কার্গো ভিলেজ ও আইসিডি স্থাপনের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়।
মোংলা বন্দরের ন্যায় চট্টগ্রাম বিমানবন্দরেও রেয়াতি ট্যারিফ নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। বিমানবন্দরটি ২৪ ঘণ্টা ও সাত দিন খোলা রাখা, আন্তর্জাতিক রুটে ৪০ শতাংশ ছাড়, লং-রুট ফ্লাইটের যাত্রী ওঠানামার সুযোগ এবং ট্রানজিট ও জ্বালানি সুবিধা নিশ্চিত করার মাধ্যমে একে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের বিমানবন্দরে রূপান্তরের সুপারিশ করেছে চেম্বার।

