কুষ্টিয়ার হামলা: জামায়াত-শিবিরের রগকাটা ইতিহাস ফিরে এসেছে দাবি গণঅধিকার পরিষদের

প্রাইম বার্তা অনলাইন
১৬ আগস্ট ২০২৬ ৩:২২ এএম
কুষ্টিয়ার হামলা: জামায়াত-শিবিরের রগকাটা ইতিহাস ফিরে এসেছে দাবি গণঅধিকার পরিষদের

কুষ্টিয়ার ঘটনার প্রতিবাদে শনিবার রাতে রাজধানীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ। কুষ্টিয়ায় দলীয় কর্মসূচিতে হামলার ঘটনায় জামায়াত-শিবিরের জড়িত থাকার অভিযোগ আনেন তারা। দলটির অভিযোগ, এই হামলার মধ্য দিয়ে জামায়াত-শিবিরের রগ কাটার পুরনো ইতিহাস ফের সামনে এসেছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে আটটার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মিছিল বের হয়ে পল্টন ও জাতীয় প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জানান, সংসদ সদস্য আমির হামজা সভাপতি নুরুল হক নুরকে নিয়ে কটূক্তি করায় তার প্রতিবাদে কুষ্টিয়ায় শান্তিপূর্ণ কর্মসূচিতে ছিলেন তারা। সেখানেই তাদের ওপর হামলা হয়।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করেছে। এতে প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি অভিযোগ করেন, এক নেতার পায়ের গোড়ালির রগ কেটে দেওয়া হয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। একই সাথে সহিংসতা না থামলে তারাও প্রতিরোধ গড়ে তুলবেন বলে হুঁশিয়ার করেন।

দলের মুখপাত্র আবু হানিফ অভিযোগ করেন, সাংসদ আমির হামজার গাড়ি থেকে এ হামলা চালানো হয়। তিনি বলেন, জামায়াত-শিবিরের রগ কাটার নৃশংস ইতিহাস আমরা জানি। গণঅভ্যুত্থানের পর কুষ্টিয়ার এ ঘটনা তারই পুনরাবৃত্তি। তবে এ বিষয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...