শিক্ষার্থীদের মৃত্যুতে চুয়েটে সব পুকুরে পানিতে নামা নিষিদ্ধ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। সম্প্রতি পুকুরে গোসল করতে নেমে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো পুকুরে নামা বা সাঁতার কাটা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে গোসল করতে নামার পর পানিতে ডুবে মারা যান কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের চমক দত্ত এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শান্ত দেব। এর আগে ২৮ জুলাই একই পুকুরে অর্ণব সাহা নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু ঘটে। পরপর এসব মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এমন কঠোর পদক্ষেপ নিল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলামূলক ব্যবস্থার মুখোমুখি হতে হবে। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য বলে জানিয়েছে প্রশাসন।

