বাংলাদেশ-সৌদি রুটে ফ্লাইট বাড়লো, সস্তায় মিলবে টিকিট

প্রাইম বার্তা অনলাইন
১৩ আগস্ট ২০২৬ ৯:৪৩ পিএম
বাংলাদেশ-সৌদি রুটে ফ্লাইট বাড়লো, সস্তায় মিলবে টিকিট

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিমান যোগাযোগের নতুন অধ্যায় সূচিত হয়েছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারকের ফলে সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের সংখ্যা ৪৯টি থেকে বেড়ে ৮৪টিতে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এ তথ্য জানান। এর ফলে দুই দেশের মধ্যে সপ্তাহে আরও ৩৫টি অতিরিক্ত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে।

নতুন এই চুক্তির আওতায় শুধু যাত্রী পরিবহন নয়, পণ্য বা কার্গো ফ্লাইট পরিচালনার সুযোগও সৃষ্টি হয়েছে। এখন থেকে সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট পরিচালনার পাশাপাশি কোড-শেয়ারিং, কো-টার্মিনালাইজেশন এবং উড়োজাহাজ লিজিংয়ের সুযোগ থাকবে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনার সাথে বিমান যোগাযোগ স্থাপনের পথও প্রশস্ত হয়েছে।

বেবিচক কর্তৃপক্ষ মনে করছে, ফ্লাইট সংখ্যা বৃদ্ধির ফলে সৌদি প্রবাসী ৪০ লাখ বাংলাদেশি সবচেয়ে বেশি উপকৃত হবেন। বিমান সংখ্যা বাড়ার কারণে এয়ারলাইন্সগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়বে, যা যাত্রীদের জন্য তুলনামূলক সাশ্রয়ী ভাড়া নিশ্চিত করতে সাহায্য করবে। এটি ওমরাহ যাত্রী এবং ব্যবসায়িক প্রয়োজনে যাতায়াতকারীদের জন্যও সুখবর বয়ে এনেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...