স্মার্ট ডিভাইসের বদলে সন্তানের হাতে বই দিন: ময়মনসিংহে পাঠক সমাবেশ
পরীক্ষামুখী শিক্ষার বাইরে এসে জ্ঞানের প্রসার ঘটাতে এবং গ্রন্থাগার সেবাকে জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় পাঠক সমাবেশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ময়মনসিংহ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ভ্রাম্যমাণ লাইব্রেরি (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্র এই কর্মসূচি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন) ও প্রকল্প পরিচালক মু. বিল্লাল হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্টজনেরা।
বক্তারা বলেন, শুধুমাত্র পাঠ্যবই পড়লে পরীক্ষায় ভালো ফলাফল সম্ভব হলেও সমাজের জন্য আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠা সম্ভব নয়। আলোচনা সভায় বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের হাতে স্মার্ট ফোন বা ডিভাইসের পরিবর্তে বই তুলে দিতে হবে। তিনি পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মোহাম্মদ জাহিদুল হাসান তার বক্তব্যে উল্লেখ করেন, যেকোনো সৃজনশীল কাজের জন্য বইয়ের ভূমিকা অপরিসীম এবং জ্ঞান অর্জনে বইয়ের কোনো বিকল্প নেই। অন্যদিকে প্রকল্প পরিচালক মু. বিল্লাল হোসেন খান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। তিনি আগামী ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা সবাইকে গুরুত্বের সাথে পড়ার আহ্বান জানান।

