মানবিক আইন প্রয়োগে রেড ক্রস ও প্রতিরক্ষা উপদেষ্টার মতবিনিময়
আন্তর্জাতিক মানবিক আইন এবং এর বাস্তবসম্মত প্রয়োগ নিশ্চিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নিকোলাস পল আলবিন ফ্লুরি গত ১৩ আগস্ট এই সাক্ষাৎ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশের প্রেক্ষাপটে মানবিক আইনের গুরুত্ব, প্রশিক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরা হয়।
সংঘাতপূর্ণ সময়ে সাধারণ মানুষ, নারী, শিশু, আহত ব্যক্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক মানবিক আইনের অন্যতম লক্ষ্য। প্রতিরক্ষা উপদেষ্টা এই প্রসঙ্গে বলেন, মানবজীবনের মর্যাদা রক্ষায় সচেতনতা শুধুমাত্র নির্দিষ্ট পেশাজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং এটি সমাজের সর্বস্তরে পৌঁছাতে হবে। এছাড়া বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সফলতা এবং সামরিক প্রশিক্ষণে বাস্তবভিত্তিক কেস স্টাডি ও সেমিনারের ওপরও গুরুত্বারোপ করা হয়।
আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার ও তার আইনগত দিক নিয়েও আলোচনা হয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন এবং সাইবার কার্যক্রমের ক্ষেত্রে মানবিক আইনের প্রয়োগ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। ভবিষ্যৎ প্রজন্ম ও তরুণদের মধ্যে এ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থা ও গণমাধ্যমের ভূমিকা অপরিহার্য বলে মত প্রকাশ করেন উভয় পক্ষ। সবশেষে মানবিক আইন বিষয়ক প্রশিক্ষণ ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

