অনুমতি ছাড়া আর তৈরি হবে না ব্যাটারি রিকশা, নির্ধারিত হবে কারখানা
ঢাকার যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যাটারিচালিত এবং যন্ত্রচালিত রিকশা তৈরির ওপর কড়া নিয়ম আরোপ করতে যাচ্ছে সরকার। এখন থেকে রাজধানীতে অনুমোদন ছাড়া যত্রতত্র এসব রিকশা তৈরি করা যাবে না। ঢাকা শহরের জন্য নির্ধারিত কিছু কারখানার তালিকা তৈরি করে দেওয়া হবে এবং শুধুমাত্র সেখান থেকেই এসব যানবাহন উৎপাদনের অনুমতি মিলবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বা এআই সিগন্যালের পরীক্ষামূলক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
ডিএসসিসি প্রশাসক জানান, অনুমোদনপ্রাপ্ত কারখানাগুলোকে রিকশা উৎপাদনের জন্য বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তা নেওয়া হবে এবং কারখানাগুলোর অনুমোদন ও কারিগরি যাচাইয়ের পরই উৎপাদনের অনুমোদন দেওয়া হবে। পরিবেশ রক্ষায় ব্যাটারিচালিত রিকশাগুলোকে ধীরে ধীরে বিদ্যুৎচালিত ব্যবস্থায় রূপান্তরের পরিকল্পনা করছে সরকার। এর পাশাপাশি সৌরশক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে বিদ্যুতের ওপর চাপ কমানোর কথাও জানান তিনি।
যানজট ও বিশৃঙ্খলা কমাতে কেবল আইন প্রয়োগ যথেষ্ট নয় উল্লেখ করে মো. আবদুস সালাম বলেন, নগরবাসীকেও সচেতন হতে হবে। সরকার এ বিষয়ে সামগ্রিক পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং জনগণকে সময় দিলে ধীরে ধীরে দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

