তরুণরাই আগামীর ভরসা, দক্ষ হলে বিশ্বসম্পদ হবে: জাহিদ হোসেন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের তরুণ সমাজই আগামীর বাংলাদেশ গঠনের মূল চালিকাশক্তি। তিনি বলেন, এই তরুণদের শিক্ষিত ও কর্মদক্ষ করে গড়ে তুলতে পারলে তারা কেবল দেশের নয়, সমগ্র বিশ্বের সম্পদে পরিণত হবে। বুধবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে সেভ দ্য চিলড্রেন আয়োজিত আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনে সবার অংশগ্রহণ প্রয়োজন মন্তে জানিয়ে মন্ত্রী জানমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগাতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে জানান, যাদের নিজস্ব মূলধন নেই তাদের প্রশিক্ষণ ও ব্যবসা শুরু করার জন্য সরকারের পক্ষ থেকে সিড মানি প্রদান করা হচ্ছে। এ ছাড়া তরুণ উদ্যোক্তাদের জন্য বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্ট-আপ ফান্ড রাখা হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তারা বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দক্ষতা বৃদ্ধি এবং নেটওয়ার্কিংয়ের ওপর গুরুত্ব দেন। তরুণদের সমাজ পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। এ সময় সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা এবং উন্নয়ন সহযোগী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

