কামরাঙ্গীরচরে বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি উদ্বোধন
রাজধানীর কামরাঙ্গীরচরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আড়াইটায় কামরাঙ্গীরচর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডের এই কর্মসূচি শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সবাইকে দল-মত নির্বিশেষে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বায়ুদূষণ কমায়। ঢাকার বায়ুদূষণ রোধে ও মানুষের সুস্থতায় বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই কামরাঙ্গীরচরের রাস্তাঘাট, মাঠ ও জলাবদ্ধতা নিরসনের কাজ দ্রুত শুরু হয়েছে। ধাপে ধাপে এলাকার সব সমস্যার সমাধান করা হবে। এছাড়া মশাবাহিত রোগ প্রতিরোধে বাসা-বাড়ির আশপাশে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার জন্য নাগরিকদের সচেতন হতে হবে বলেও জানান তিনি।

