সবাই রাষ্ট্রের কাছে সমান: বিভাজনমূলক শব্দ ব্যবহারে সতর্কতা প্রতিমন্ত্রীর
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোকন বলেছেন, পাহাড় কিংবা সমতল—যেখানেই বাস করুক না কেন, রাষ্ট্রের কাছে সব নাগরিক সমান। তিনি বলেন, যেসব শব্দ বা পরিভাষা বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিভাজনের অনুভূতি সৃষ্টি করে বা তাদের হীনমন্যতায় ভোগায়, সে ধরনের শব্দ ব্যবহারের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘ইনডিজেনাস আইডেন্টিটি ইজ ইরিলিভেন্ট ফর বাংলাদেশ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদ অনুযায়ী ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণে রাষ্ট্র বদ্ধপরিকর। তবে ২০১০ সাল থেকে রাঙামাটি ও খাগড়াছড়ির কিছু প্রতিষ্ঠানের নামে ‘ক্ষুদ্র জাতিসত্তা’ শব্দটি ব্যবহার নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বলেন, কোনো শব্দের কারণে যদি কোনো সম্প্রদায় নিজেদের অবমূল্যায়িত মনে করে, তবে সেই শব্দ ব্যবহারের বিষয়টি নিরপেক্ষভাবে বিবেচনা করা প্রয়োজন। তবে একইসঙ্গে তিনি উল্লেখ করেন, শব্দের বাইরে এই জনগোষ্ঠীর উন্নয়নে রাষ্ট্র বাস্তবে কী পদক্ষেপ নিচ্ছে, তাও খতিয়ে দেখা উচিত।
আলী নেওয়াজ মাহমুদ খোকন বৈচিত্র্যের মধ্যে ঐক্য রক্ষাকে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বসবাসকারী সকল জাতি ও গোষ্ঠীর সমন্বয়েই জাতীয় সত্তা গঠিত। সংবিধানে সমতার নীতি থাকলেও বাস্তবে তা যেন কোনো নাগরিক অসম্মানে বোধ না করেন, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

