চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিতে নিষিদ্ধ দলের ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ৩:৪৫ এএম
চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিতে নিষিদ্ধ দলের ৬ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিল করার প্রস্তুতি নেওয়ার সময় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঠানটুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দাখিল করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আসাদ রায়হানের নেতৃত্বে প্রায় ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী আজিজ বোর্ডিংয়ের পাশের রাস্তায় জড়ো হচ্ছেন। এমন খবরে ডবলমুরিং থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে আসাদ রায়হান (৩৪), সদরঘাট থানা তাঁতীলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ খায়ের (২৮), মো. জুয়েল, মোহাম্মদ তুষার ও মোহাম্মদ কায়সার আহমেদকে গ্রেফতার করা হয়। অবশ্য পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য নেতাকর্মীরা দ্রুত সটকে পড়েন।

মঙ্গলবার (১১ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬(১), ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বর্তমানে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...