রাজধানীর মগবাজারে লরির ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

প্রাইম বার্তা অনলাইন
১০ আগস্ট ২০২৬ ৭:২৫ এএম
রাজধানীর মগবাজারে লরির ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

রাজধানীর মগবাজারে রোববার গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক পথচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাত সাড়ে ১১টার দিকে মগবাজার গ্র্যান্ড শপিং কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামান আহমেদ (৪২) ও রিয়াদ হোসেন (২২)। তাদের দুজনের বাড়িই নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকির পাড়া গ্রামে। জামান ইলিয়াস ফকির এবং রিয়াদ লিয়াকত ফকিরের সন্তান। অপরদিকে, আহত পথচারী রিপন (৪০) মুন্সীগঞ্জের লৌহজংয়ের বাসিন্দা হলেও বর্তমানে লালবাগের ইসলামাবাদ এলাকায় ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বেপরোয়া গতির একটি লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় লরিটি সিএনজি ও পিকআপভ্যানসহ কয়েকটি গাড়িকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন জামান, রিয়াদ ও পথচারী রিপন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টা ২০ মিনিটে জামানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এর আধা ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিয়াদ হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য দুই নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। আহত রিপন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই আছেন। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...