মিয়ানমার পরিচয়ে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন সাজ্জাদের সহযোগী

প্রাইম বার্তা অনলাইন
০৯ আগস্ট ২০২৬ ১১:৩৫ এএম
মিয়ানমার পরিচয়ে পালাতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন সাজ্জাদের সহযোগী

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী গোলাম সারোয়ারকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার গভীর রাতে মিয়ানমারের নাগরিক পরিচয় সাজিয়ে বিদেশ পালানোর সময় তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের বহির্গমন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গোলাম সারোয়ার ওরফে গোলাম সারোয়ার খান আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও ঘনিষ্ঠ সহযোগী বলে পুলিশ সূত্রে জানা গেছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গোলাম সারোয়ার জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি কাগজপত্র ব্যবহার করে নিজেকে মিয়ানমারের নাগরিক দাবি করছিলেন। এই ভুয়া পরিচয় ব্যবহার করে তিনি ডেনমার্কের একটি ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করেন এবং বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে ওমানে পালিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, বিমানবন্দরেই পুলিশের হাতে ধরা পড়েন তিনি।

উল্লেখ্য, বড় সাজ্জাদ চট্টগ্রামের পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার সহযোগী হিসেবে গোলাম সারোয়ারের নামও অপরাধ জগতে পরিচিত।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...