ড্যাব চিকিৎসকদের মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: ডা. জুবাইদা
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দেশের চিকিৎসক সমাজের মানবিকতা ও পেশাগত উৎকর্ষতার এক অনন্য দৃষ্টান্ত। শনিবার (৮ আগস্ট) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, ভবিষ্যতেও এই সংগঠনটি চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তব্যের শুরুতে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ড্যাবের সব সদস্যকে অভিনন্দন জানান।
ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ও স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট চিকিৎসকরা এতে অংশ নেন।

