মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, ছিল জনগণের গণতান্ত্রিক সংগ্রাম

প্রাইম বার্তা অনলাইন
০৮ আগস্ট ২০২৬ ৯:৪৭ এএম
মুক্তিযুদ্ধ কোনো দলের নয়, ছিল জনগণের গণতান্ত্রিক সংগ্রাম

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রকে পদদলিত করার কারণেই এই যুদ্ধের সূচনা হয়েছিল। গতকাল শুক্রবার বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সেসের ৫৪তম কমিশনিং এবং ফেলোশিপ ডে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা ক্যান্টনমেন্টের কুর্মিটোলা গলফ ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি ছিল জনতার যুদ্ধ, গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ এবং মানুষের মানবিক মর্যাদা ও সম-অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। তবে স্বাধীনতার পর রাষ্ট্র ক্ষমতায় থাকা অনেকেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরতে আগ্রহী ছিলেন না। এ কারণে যুদ্ধের অসংখ্য ঘটনা ও বীরত্বগাঁথা এখনো ইতিহাসে সঠিক স্থান পায়নি। তিনি উল্লেখ করেন, অনেকে ভুলভাবে প্রচার করেছেন যে কেবল কয়েকটি ভাষণের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, যা সত্য নয়। প্রকৃতপক্ষে সাধারণ মানুষ ও সৈনিকরা জীবন দিয়ে এই বিজয় অর্জন করেছেন।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, যুদ্ধে যাওয়ার জন্য অনেকে শারীরিক যোগ্যতা না থাকা সত্ত্বেও আকুতি করতেন। তারা গাড়ির সামনে শুয়ে পড়তেন যাতে তাদের নিয়ে যাওয়া হয়। মুক্তিযোদ্ধাদের এই দেশপ্রেম ও আত্মত্যাগই ছিল তাদের প্রধান শক্তি। তিনি নতুন প্রজন্মের প্রতি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান এবং বলেন, দেশে আর কোনো স্বৈরশাসন গড়ে ওঠা উচিত নয়। সরকারের ভুল সংশোধন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা যাবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...