চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তৃণমূলে আলোড়ন

প্রাইম বার্তা অনলাইন
০৮ আগস্ট ২০২৬ ৯:০১ এএম
চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তৃণমূলে আলোড়ন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে আসছেন তারেক রহমান। আগামীকাল রোববার (৯ আগস্ট) একদিনের এই সফরে তিনি কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সফরসূচি চূড়ান্ত হওয়ায় স্থানীয় প্রশাসন ও দলীয় নেতারা ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টায় তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পৌঁছাবেন। সেখানে তিনি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া সমুদ্র সৈকতে যাবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের অনুষ্ঠানে ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেবেন তিনি।

দুপুর একটায় ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরে হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় আল্লামা শাহ আহমদ শফির কবর জেয়ারত করবেন। জেলা পরিষদ ডাক বাংলোয় বিরতির পর হাটহাজারী সরকারি কলেজ মাঠে তিনি বন্যাদুর্গতদের মাঝে সহায়তা বিতরণ করবেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে ৩০টি পরিবারকে এক লাখ টাকা এবং ১৫ জন প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করবেন তিনি।

সন্ধ্যায় নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামের তিনটি ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের পূর্ণাঙ্গ কমিটির সব সদস্যের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই প্রথমবারের মতো তৃণমূল পর্যায়ের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন তারা। তৃণমূল নেতাদের মনের কথা শোনা এবং তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার এই উদ্যোগকে দলের নেতাকর্মীরা ঐতিহাসিক বলে অভিহিত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...