চাচা খুনের জেরে ভাতিজা খুন? ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পাওয়ার হাউস রোড এলাকায় অজ্ঞাত পরিস্থিতিতে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি চারতলা ভবনের নিচতলায় থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশুটির নাম আনিসুর রহমান (১৩)।
পারিবারিক সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের পুত্র আনিসুর কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। জমিজমা নিয়ে বিরোধের কারণে তারা নিজ গ্রামের বাড়ি ছেড়ে শহরের পাওয়ার হাউস রোডের ওই ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন। পুলিশ জানায়, কয়েক মাস আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আনিসুরের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় নিরাপত্তার কথা ভেবে পরিবারের সবাই শহরে আশ্রয় নেন।
শুক্রবার রাতে ওই ভবনের নিচতলার সিঁড়ির পাশে আনিসুরের নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে। নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে আনিসুরের চাচাতো ভাইরা তাকে হত্যা করতে পারে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর বোঝা যাবে এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা। প্রাথমিকভাবে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

