চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত, ধারণা মাদক বিরোধের জের

প্রাইম বার্তা অনলাইন
০৭ আগস্ট ২০২৬ ১:৩৯ এএম
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত, ধারণা মাদক বিরোধের জের

চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহীন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।

স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্যমতে, বিকেল সাড়ে ৪টার দিকে এলাকার ১ নম্বর গলির আব্দুল সালাম মসজিদের সামনে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহীন ওই এলাকার মোগলটুলি ইয়াসিন গলির বাসিন্দা এবং মৃত নুরুল হকের পুত্র।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আশেক জানান, প্রাথমিক তদন্তে মৃত যুবকের নাম শাহীন বলে শনাক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, শাহীন খুচরা মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং একই পেশার সন্দেহভাজন ব্যক্তির সাথে তার বিরোধ ছিল। এ কারণেই তাকে টার্গেট করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ মোহাম্মদ নাজমুন নূর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। হত্যার মূল কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। এছাড়াও পশ্চিম মাদারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাছির উদ্দিনও বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...