মার্কিন প্যাসিফিক ফ্লিট কমান্ডারের সফর: সামুদ্রিক নিরাপত্তায় জোর ঢাকা
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে সম্প্রতি ঢাকা সফর করেছেন দেশটির প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার। চার থেকে ছয় আগস্ট পর্যন্ত তিন দিনের এই সফরে তিনি বাংলাদেশের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
এই সফরে অ্যাডমিরাল স্টিভ কেলার প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজীমের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
দাপ্তরিক বৈঠকের বাইরে মার্কিন অ্যাডমিরাল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্থাপিত শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। এছাড়াও তিনি দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা পরিদর্শন করে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচিত হন। দূতাবাস সূত্রে জানা গেছে, এই সফর দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

