এফএসআরইউ মেরামত সম্পন্ন, তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: মন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৬ আগস্ট ২০২৬ ৬:০২ পিএম
এফএসআরইউ মেরামত সম্পন্ন, তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: মন্ত্রী

দেশে চলমান গ্যাস সংকট নিরসনে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকা ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ মেরামতের কাজ শেষ হওয়ায় আজ বিকেল থেকেই গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে। ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সারাদেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, বিকেল নাগাদ টার্মিনালটির মেরামত কাজ সম্পন্ন হবে এবং গ্যাস সঞ্চালন শুরু হলে লাইনে প্রেসার ধীরে ধীরে বেড়ে যাবে। এতে করে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, তা দূর হয়ে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। এফএসআরইউয়ের কার্যক্রম বন্ধ থাকার পূর্বের অবস্থায় ফিরে যেতে মিনিমাম দুই থেকে তিন দিন সময় লাগবে বলেও জানান তিনি।

গ্যাস সংকটের প্রভাবে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন ও লোডশেডিং বৃদ্ধির বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, গ্যাস সংকটের কারণে তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে, যা গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবার চালু করা হবে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, প্রাকৃতিক বা যান্ত্রিক কারণে সৃষ্ট সমস্যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। বিদ্যুতের ভুতুড়ে বিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগকারীরা তাদের বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের কাছে আসেন না, যা সমস্যা সমাধানে বাধা সৃষ্টি করছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...