বোয়ালখালীতে স্থির ট্রাকে সিএনজির সংঘর্ষ, চালকসহ আহত ৫
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দিনগত রাত ২টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে তাদের তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়।
জানা গেছে, একটি কমিউনিটি সেন্টার থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শাকপুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রায়খালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয় সিএনজিটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক মো. সায়েম (২৫) এবং যাত্রী রত্না দাশ (৪২), রুনা দাশ (৩০), পম্পি দাশ (১৫) ও বৃষ্টি দাশ (১৮) আহত হন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহরিয়ার ইসলাম জানান, আহতদের মধ্যে পম্পি ও বৃষ্টিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকি তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও ট্রাকটির বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

