চার বছরে ১.৬ কোটি পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড, উদ্বোধন ১৬ আগস্ট
সামাজিক সুরক্ষার বলয় আরও সুদৃঢ় করতে আগামী ১৬ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির। কিশোরগঞ্জ সদরের লতিফাবাদ ইউনিয়নে এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের এক কোটি ৬০ লাখ পরিবারকে নিয়ে আসা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, সরকার এমন একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে যা চলমান বা ‘ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি’ হিসেবে কাজ করবে। এতে সুবিধাভোগীদের তথ্য নিয়মিত হালনাগাদ করা হবে, যাতে কোনো উপযুক্ত ব্যক্তি বাদ না পড়েন এবং অযোগ্য কেউ সুবিধা না পান।
মন্ত্রী বলেন, মানুষের আর্থিক অবস্থার উত্থান-পতনের ওপর ভিত্তি করে এই তালিকা সংশোধন করা হবে। দরিদ্র থেকে কেউ নিম্নবিত্ত বা মধ্যবিত্তে পরিণত হলে কিংবা মধ্যবিত্ত থেকে দরিদ্র হলে তা তথ্যের ডাটাবেসে আপডেট করা হবে। ধর্ম, বর্ণ বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্বিশেষে সবাই এই অন্তর্ভুক্তিমূলক কর্মসূচির সুবিধা পাবেন।
এই কার্যক্রম পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। আগামী অক্টোবরের শেষ নাগাদ প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এটি বাস্তবায়ন শুরু হবে। ইউনিয়ন পর্যায়ে তথ্য যাচাই-বাছাই করে সুবিধাভোগীদের চূড়ান্ত তালিকা তৈরি করা হবে, যাতে সুবিধা বিতরণে কোনো অনিয়ম না ঘটে।

