তিন বিভাগের ১০ জেলায় বন্যার আশঙ্কা, সতর্ক সংকেত জারি

প্রাইম বার্তা অনলাইন
০৬ আগস্ট ২০২৬ ১২:১৫ পিএম
তিন বিভাগের ১০ জেলায় বন্যার আশঙ্কা, সতর্ক সংকেত জারি

অবিরাম বৃষ্টিপাত ও উজানের ঢলে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ১০টি জেলায় স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার জারি করা বুলেটিনে বলা হয়, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে উত্তরাঞ্চলের তিস্তা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নদী তীরবর্তী এলাকাগুলোতে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে।

এদিকে ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী, ভুলাই ও কংস নদীর পানি সমতলও বাড়ছে। এর প্রভাবে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। সতর্কতামূলক বার্তায় আরও জানানো হয়, আগামী পাঁচ দিন ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের হালদা ও মুহুরীসহ পাহাড়ি উজানের নদীগুলোরও পানি বাড়তে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...