বংশালে জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ১৭
রাজধানীর বংশাল থানা এলাকার একটি বাসাবাড়িতে তাসের আসর বসিয়ে জুয়া খেলার সময় পুলিশের বিশেষ অভিযানে ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, রাত ২টা ৩৫ মিনিটের দিকে ওই বাসায় অভিযান চালানো হয়। এসময় তাসের মাধ্যমে জুয়া খেলার দায়ে ১৫ জনকে এবং অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সোহেল রানা, ইকরামুল হক ওরফে ইমরান, ফয়সাল আহমেদ, পাপন, কালাম, মোক্তার হেসেন, ফারুখ, নূর হোসেন, মনির হোসেন, রুবেল হোসেন, টিটু, আব্দুল মতিন, বাহার, শুভ, মামুনুর রহমান জাবেদ, আব্দুর রহিম ও ফয়সাল। অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ২৪ হাজার ৮৫০ টাকা, তিনটি তাসের বান্ডিল, বিছানার চাদর এবং দুই পুরিয়া গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃতদের সংক্ষিপ্ত বিচারের জন্য স্থানীয় আদালতে উপস্থাপন করা হলে ম্যাজিস্ট্রেট ১৫ জুয়াড়ির প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড প্রদান করেন। আটককৃত সোহেল রানা ও ইকরামুল হক ওরফে ইমরানকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।

