ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় জাদুঘর উদ্বোধন করলেন নিতাই
রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর। গত বুধবার (৫ আগস্ট) এই জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, এটি দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের এক জীবন্ত দলিল। তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান দীর্ঘ প্রায় দুই দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের চূড়ান্ত ফলশ্রুতি, যেখানে শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে অম্লিন হয়ে থাকবে।
নিতাই রায় চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেন, গণতন্ত্রের ছত্রছায়া ব্যবহার করে কীভাবে একটি রাষ্ট্র তার নিজস্ব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে জনগণের ওপর নিপীড়ন চালায়, জুলাই গণঅভ্যুত্থান তারই স্পষ্ট নমুনা। ইতিহাস কখনো মিথ্যে হয় না এবং মানুষের ত্যাগ বৃথা যায় না—এই আস্থাবোধই এই জাদুঘর প্রতিষ্ঠার মূল ভিত্তি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এর উদ্যোগ নেওয়া হলেও আইনগত প্রক্রিয়া শেষে এখন এটি পূর্ণাঙ্গ রূপ পেয়েছে।
মন্ত্রী আরও জানান, এই জাদুঘরে নিয়মিত গবেষণা ও পর্যালোচনার মাধ্যমে নতুন প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন সম্পর্কে সম্যক ধারণা দেওয়া সম্ভব হবে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও সংগ্রামের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

