মুক্তিযোদ্ধার নাতি হয়েও কোটার বিরুদ্ধে ফয়সালের অবস্থান

প্রাইম বার্তা অনলাইন
০৫ আগস্ট ২০২৬ ৮:৪৭ এএম
মুক্তিযোদ্ধার নাতি হয়েও কোটার বিরুদ্ধে ফয়সালের অবস্থান

শহীদ মুক্তিযোদ্ধার নাতি হয়েও সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে চাননি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল মুরাদ। তার বিশ্বাস, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা কোটা সাধারণ শিক্ষার্থীদের প্রতি বৈষম্য সৃষ্টি করছে এবং রাষ্ট্রের জন্যও এটি টেকসই নয়। এই বিশ্বাস থেকেই তিনি কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হন, যা পরবর্তীতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রূপ নেয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী বর্তমানে জাতীয় ছাত্রশক্তির জবি শাখার আহ্বায়ক। গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করেন। আন্দোলনে তার সম্পৃক্ততা আরও দৃঢ় হয়েছে কোটা সংস্কারের দাবি, রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা, সহযোদ্ধাদের আত্মত্যাগ, পুলিশের দমন-পীড়ন এবং আত্মগোপনের দিনগুলোর অভিজ্ঞতার মাধ্যমে।

ফয়সাল মুরাদ জানান, তার দাদা ১৯৭১ সালের একজন শহীদ মুক্তিযোদ্ধা হওয়ায় তিনি নিজেই মুক্তিযোদ্ধা কোটার অন্যতম সুবিধাভোগী হতে পারতেন। কিন্তু ব্যক্তিগত সুবিধা গ্রহণকে তিনি নৈতিকভাবে গ্রহণযোগ্য মনে করেননি। তার মতে, লক্ষাধিক চাকরিপ্রার্থীর দেশে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সাধারণ শিক্ষার্থীদের প্রতি বৈষম্য সৃষ্টি করছে। রাষ্ট্রের ন্যায়বিচার, মেধার মূল্যায়ন এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন একটি সমান সুযোগভিত্তিক ব্যবস্থা।

শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্ব থাকলেও তা পালনের উপায় হওয়া উচিত শিক্ষাব্যবস্থায় বিশেষ সুযোগ, আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা; চাকরিতে দীর্ঘদিন ধরে বিশাল আকারের কোটা বহাল রাখা নয়। নিজের পরিবারের সম্মান ও রাষ্ট্রের উন্নতির কথা ভেবেই ফয়সাল মুরাদ ব্যক্তিগত সুবিধার বিপরীতে অবস্থান নিয়েছেন এবং সমাজে সমতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...