জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছড়াতে রাজধানীতে ভ্রাম্যমাণ গানের আয়োজন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর বুকে বয়ে বেরিয়েছে সংগীতের যাত্রা। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে এই ভ্রাম্যমাণ সংগীত আয়োজনের আনুষ্ঠানিক সূচনা হয়। অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে শুরু হওয়া এই কর্মসূচির উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল জলিল বলেন, ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে যে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল, তা তরুণ প্রজন্মের সামাজিক ও নাগরিক চেতনার এক শক্তিশালী প্রকাশ। অতীতের ন্যায় বর্তমানেও অন্যায্য, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে তরুণরাই রুখে দাঁড়িয়েছে। তিনি আরও উল্লেখ করেন, বহু মানুষের আত্মত্যাগের মাধ্যমে রচিত এই অধ্যায় জনগণের ক্ষমতায়নের আকাঙ্ক্ষাকে সুদৃঢ় করেছে, যা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। এর আগে স্বাগত বক্তব্যে পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন।
অধিদপ্তরের নিজস্ব সংগীত দল দুটি উপ-দলে বিভক্ত হয়ে ট্রাকযোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন জনবহুল এলাকায় গান পরিবেশন করবে। এই আয়োজনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং ইতিবাচক পরিবর্তনের বার্তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে। এ সময় অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মীর মোহাম্মদ আসলাম উদ্দিন, পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মু’মেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

