৫ আগস্ট স্বাধীনতাপ্রিয়দের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী তারেক রহমান
দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের বিজয়ে এসেছে ৫ আগস্ট। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই দিনটি স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য অভূতপূর্ব বিজয় বয়ে এনেছে। ২০২৪ সালের এই দিনে বীর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকার পতনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বাংলাদেশ ‘রাহুমুক্ত’ হয়।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো সীমাহীন নির্যাতনের শিকার হয়েছে। আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। গুম, খুন ও অপহরণ নিরব ঘাতকের মতো ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ অনেক নেতাকর্মীর এখনো কোনো সন্ধান মেলেনি। গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ স্তব্ধ করতে গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ গড়ে তোলা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং সংবিধান অকার্যকর করে ফেলা হয়েছিল। ব্যাংকিং খাতে লুটপাট ও টাকা পাচারের মাধ্যমে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। তবে ২০২৪ সালের জুলাই-আগস্টে সর্বস্তরের মানুষ—ছাত্র, কৃষক, শ্রমিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীরা রাজপথে নেমে এসে এই স্বৈরশাসনের পতন ঘটিয়েছেন।

