ঢাবি ক্যাম্পাসে জুলাই আন্দোলনের ডিসপ্লে, পালানোর কথা শুনে হাসলেন রিকশাচালকরা
স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জুলাই গণঅভ্যুত্থানের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনের সড়কে স্থাপিত একটি ডিসপ্লে বোর্ডে ২০২৪ সালের জুলাইয়ে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হলে তা নিয়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়।
ডিসপ্লে বোর্ডে শেখ হাসিনার ‘পালানোর’ সংবাদ অস্বীকার করা ভিডিওটি প্রচার হওয়ার সময় সেখানে উপস্থিত অর্ধশতাধিক রিকশাচালক হাসিতে ফেটে পড়েন। তবে এর কিছুক্ষণ পরই যখন আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত শিক্ষার্থীদের লাশ ও রক্তাক্ত দৃশ্য দেখানো হয়, তখন তাদের মুখের হাসি মুহূর্তেই পরিবর্তিত হয়ে গভীর শোকে ও গম্ভীরতায় রূপ নেয়। শুধু রিকশাচালকই নন, বিভিন্ন পেশার মানুষও রাস্তায় দাঁড়িয়ে গভীর মনোযোগের সাথে জুলাই আন্দোলনের এসব ঐতিহাসিক ও রোমহর্ষক মুহূর্তের ভিডিও দেখতে থাকেন।
৫ আগস্ট উপলক্ষে ঢাবি ক্যাম্পাসের শাহবাগ, চারুকলা ও ভিসি ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই ডিসপ্লে বোর্ডগুলো স্থাপন করা হয়েছে। এতে সাবেক সরকারের সময়কার অনিয়ম, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং ছাত্র-জনতার ওপর সহিংস দমনপীড়নের চিত্র তুলে ধরা হচ্ছে। ক্যাম্পাসের বাইরেও রাজধানীর বিভিন্ন জনাকীর্ণ স্থানে ও ফাঁকা রাস্তায় বড় পর্দায় এসব প্রামাণ্যচিত্র প্রদর্শনের ফলে সাধারণ মানুষের মাঝে জুলাই অভ্যুত্থানের স্মৃতি নতুন করে জেগে উঠেছে।

