ডিজিটাল মাধ্যমে মানবপাচার রোধে সরকারের কঠোর পদক্ষেপ ও নতুন পরিকল্পনা
ভুয়া অনলাইন প্রলোভন ও সাইবার প্রতারণার মাধ্যমে চলমান আন্তর্জাতিক মানবপাচার চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এসব অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ ভবনে মানবপাচার বিরোধী আলোকচিত্র গ্রন্থ ‘লিসেন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত পার হওয়া ব্যক্তিদের সাইবার স্ক্যাম ও দাসত্বমূলক শ্রমে জড়িত করছে আন্তর্জাতিক অপরাধী চক্রগুলো। এই নতুন বৈশ্বিক সংকট মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব শিগগিরই ‘কাউন্টারিং সাইবার এনাবেল্ড হিউম্যান ট্রাফিকিং থ্রু টেকনোলজি’ শীর্ষক একটি বিশেষ সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করবে। এর মাধ্যমে ডিজিটাল পাচারকারীদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, একক কোনো দেশের পক্ষে এই অপরাধ দমন করা সম্ভব নয়, তাই আন্তর্জাতিক সংস্থা ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে মানবপাচারের শিকার ব্যক্তিদের করুণ অভিজ্ঞতা তুলে ধরা ‘লিসেন’ গ্রন্থটি সমাজে সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস, কইকা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ক্যারোল ফ্লোর-স্মেরেসনিয়াক এবং আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বন্ড।

