জনশক্তি ও শ্রমবাজারের সমন্বয়ে দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব
রাজধানীর পিকেএসএফ ভবনে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় দেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থায় ব্যাপক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন নীতিনির্ধারক ও অর্থনীতিবিদরা। গতকাল সোমবার দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং পিকেএসএফ আয়োজিত ‘লিংকিং স্কিলস উইথ এমপ্লয়মেন্ট: চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, শিক্ষাব্যবস্থা ও শ্রমবাজারের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করা না গেলে জনমিতিক সুবিধা কাজে লাগানো সম্ভব হবে না।
অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, কারিগরি ও ভোকেশনাল শিক্ষার প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা এখন সময়ের দাবি। একইসাথে দক্ষ জনশক্তি তৈরি ও সেই দক্ষতার স্বীকৃতি দিতে শিল্প প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করতে কার্যকর প্রণোদনার বিকল্প নেই। রেইজ প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর-উল-আলম মনে করেন, প্রশিক্ষণ ব্যবস্থা থাকলেও কর্মসংস্থানের সাথে তা যুক্ত করার পরিবেশ এখনো সুদৃঢ় হয়নি।
বিশ্বব্যাংকের রেইজ প্রকল্পের টাস্ক টিম লিডার আনিকা রহমান জানান, প্রতিবছর প্রায় ২০ লাখ মানুষ কর্মসংস্থানের বাজারে আসছে। তাই দক্ষতা থেকে শুরু করে চাকরি পর্যন্ত পুরো প্রক্রিয়াটির একটি সমন্বিত ইকোসিস্টেম গড়ে তোলা জরুরি। আলোচনায় বক্তারা স্বরূপ মতামত প্রদান করেন যে, আন্তর্জাতিক মানের জনশক্তি তৈরি করতে হলে শিল্পখাত নির্ভর ও চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়নে সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিল্প খাতের মধ্যে দীর্ঘমেয়াদী ও কার্যকর সমন্বয় প্রয়োজন।

