সরকারের নতুন উদ্যোগ: ২.৫৬ লাখ ধর্মীয় নেতা পাচ্ছেন সম্মানী ভাতা
দেশের ধর্মীয় উপাসনালয়গুলোতে কর্মরতদের আর্থিক প্রণোদনা দেওয়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরে আরও ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত এবং অন্যান্য ধর্মীয় কর্মীকে মাসিক সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। গত ৪ আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সূত্র জানায়, এ উদ্দেশ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর আওতায় ৮২ হাজার ৬৫৬টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৬৮ জন, ৩ হাজার মন্দিরের ৬ হাজার জন, ৭৫২টি বৌদ্ধ বিহারের এক হাজার ৫০৪ জন এবং ৩০১টি গির্জার ৬০২ জন উপকারভোগী এই ভাতা পাবেন। এর আগের বছর ২০২৫-২৬ অর্থবছরে মোট ১৩ হাজার ৯৪৯ জন ধর্মীয় কর্মীকে এই সুবিধা দেওয়া হয়েছিল।
ভাতার হার নির্ধারণ করা হয়েছে—ইমাম, পুরোহিত ও যাজকরা প্রতি মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ও সহকারীরা ৩ হাজার টাকা এবং খাদেমরা ২ হাজার টাকা পাবেন। এছাড়া বছরে একবার ২ হাজার টাকা করে উৎসব ভাতা দেওয়া হবে। মোবাইল ব্যাংকিং বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ প্রদান করা হবে। সরকারের লক্ষ্য আগামী চার বছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এই কল্যাণমুখী কর্মসূচির আওতায় আনা।

