চট্টগ্রামের ২৫ ওয়ার্ডে বিনামূল্যে বর্জ্য সংগ্রহ, খরচ ২০ কোটি টাকা
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগরবাসীর জন্য সুখবর দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরীর ২৫টি ওয়ার্ডে পাইলট প্রকল্পের আওতায় গৃহস্থালি বর্জ্য সংগ্রহের জন্য একটি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে সেবাগ্রহীতাদের কোনো ধরনের টাকা পরিশোধ করতে হবে না। মঙ্গলবার (৪ আগস্ট) নগর ভবনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এই ঘোষণা দেন।
মেয়র জানান, বর্তমানে প্রতিদিন প্রায় এক হাজার টন ময়লা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, যা অপসৃত হয়ে নগরীর ড্রেনেজ ব্যবস্থা ও কর্ণফুলী নদীর দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য বিনামূল্যে বর্জ্য অপসারণ কর্মসূচি শুরু করা হচ্ছে। এতে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকা ব্যয় হলেও এই উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত ৪০০ থেকে ৫০০ টন বর্জ্য সংগ্রহ করে ভবিষ্যতে বিদ্যুৎ ও বায়োগ্যাস উৎপাদন সম্ভব হবে।
এছাড়া সভায় ডেঙ্গু পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। মেয়র জানান, কোতোয়ালী, বায়েজিদ, বন্দর, পাহাড়তলী, হালিশহর, বাকলিয়া ও আকবরশাহকে ডেঙ্গুর রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মশক নিধনে যুক্তরাষ্ট্র থেকে ১৪টি আধুনিক ফগার মেশিন আনার প্রক্রিয়া চলছে। একই সাথে কর্ণফুলী নদীর অপর পাড়ে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ভূমি মন্ত্রণালয়ে জমি চেয়ে আবেদন করা হবে বলে তিনি উল্লেখ করেন।

