দেশ পুনর্গঠনে বাধাদানকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ পুনর্গঠনের পথে বাধা সৃষ্টি করতে চায় এমন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এখন আন্দোলন বা বিতর্কের সময় নয়, বরং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখাই এখন মূল চ্যালেঞ্জ। যারা দেশের উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে আন্দোলন করেছে, তাদের স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি আয়োজিত এই সভায় আরও উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণ এখন রাস্তাঘাটে শান্তি ও নিরাপত্তা চায়। মানুষের এখন মৌলিক অধিকার যেমন—শিক্ষা, চিকিৎসা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব।
তারেক রহমান বলেন, সরকার জনগণের সামনে যে পরিকল্পনা উপস্থাপন করেছে, তা ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে। জনগণ এখন দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবে দেখতে চায়। জুলাই আন্দোলনে প্রাণ হারানোদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আন্দোলনে আহত বা ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন, সরকার তাদের চিকিৎসা ও পুনর্বাসনে সর্বোচ্চ সহায়তা প্রদান করবে। স্বাধীনতা যুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

