নাবিকদের ভিসা জটিলতা দূর করতে মন্ত্রীর জরুরি নির্দেশ
সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি নাবিকদের ভিসা এবং ট্রানজিট সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে নির্দেশ দিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মেরিটাইম কাউন্সিলের প্রথম সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সভায় আমিরাতে বাংলাদেশি নাবিকদের ট্রানজিট ভিসা, শোর পাস, এন্ট্রি ক্লিয়ারেন্স এবং ক্রু পরিবর্তনে জটিলতার বিষয়টি গুরুত্বের সাথে আলোচিত হয়। এতে বলা হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম বড় নাবিক সরবরাহকারী দেশ হলেও এই জটিলতার কারণে আন্তর্জাতিক জাহাজে তাদের যোগদানে বাধার সৃষ্টি হচ্ছে। মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে আবুধাবাস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনস্যুলেটের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার নির্দেশ দেন।
এছাড়া ২০২৮ সালের আইএমও স্টেট অডিট স্কিমের প্রস্তুতি এবং ২০১৭ সালের অডিটের বাকি বিষয়গুলো নিস্পত্তির ব্যাপারেও গুরুত্বারোপ করা হয়। দেশের সামুদ্রিক খাতের উন্নয়নে কার্বন নিঃসরণ কমানো, বিপজ্জনক পণ্য পরিবহনে নিরাপত্তা এবং একটি সমন্বিত মেরিটাইম পলিসি প্রণয়নের ওপরও আলোচনা হয়। এ সময় নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।

